
কাবুলের নূর আই হাসপাতালের চিকিৎসক ডক্টর নূর জামান হাশিম গণমাধ্যমকে জানিয়েছেন, তালেবানের কঠোর মৌখিক নির্দেশনার কারণে তাঁদের কর্নিয়া প্রতিস্থাপন কার্যক্রম পুরোপুরি স্থগিত রাখতে হয়েছে। কঠোর শাস্তির ভয়ে কেউ এই আদেশ অমান্য করার সাহস পাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক সামাজিক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা’ (APPNA) বিনামূল্যে কর্নিয়া সরবরাহ এবং স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে সম্প্রতি আফগানিস্তানে এই চিকিৎসাসেবা সম্প্রসারণ করেছিল। সংস্থাটির কর্নিয়া কর্মসূচির প্রধান ডক্টর ফাওয়াদ জাফর জানান, ২০১৭ সাল থেকে পাকিস্তানে এই কর্মসূচির আওতায় ১০ হাজার মানুষ উপকৃত হলেও, আফগানিস্তানে কার্যক্রম শুরুর মাত্র চার মাসের মাথায় তালেবানের বাধার মুখে তা বন্ধ হয়ে গেছে।
কবির বা জালালাবাদের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিংবা বিভিন্ন দুর্ঘটনায় দৃষ্টি হারানো সালামাত খান ও খাদিজা বেগমের মতো শত শত রোগী অস্ত্রোপচারের অপেক্ষায় থেকেও শেষ মুহূর্তে এসে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। জীবনসংকট ও অন্ধত্বের শিকার এসব মানুষ এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ এবং তালেবানের প্রতি পুনর্বিবেচনার আকুতি জানিয়েছেন।