
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদলের অংশ হিসেবে আজ সোমবার (৯ মার্চ) পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পাঁচটি পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা এবং রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে জনস্বার্থে তাঁদের এই অবসর প্রদান করা হয়েছে। তবে তাঁরা বিধি মোতাবেক সব ধরণের অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন। অবিলম্বে কার্যকর হতে যাওয়া এই আদেশটি পুলিশ প্রশাসনের চেইন অফ কমান্ডে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।