
দুলকার সালমান অভিনীত ফ্যান্টাসি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘আই এম গেম’-এর বক্স অফিস আয়ে প্রথম সোমবার একটি বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। মুক্তির পর পঞ্চম দিনে এসে সিনেমাটির আয়ে প্রায় ৬৫.৫ শতাংশ পতন ঘটেছে। সাকলনিকের তথ্য অনুযায়ী, প্রথম সোমবার বা পঞ্চম দিনে সিনেমাটি সারা ভারতে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা নেট আয় করেছে। এর মধ্য দিয়ে ছবিটির মোট ভারত নেট কালেকশন গিয়ে ঠেকেছে ২০ কোটি ৫০ লাখ টাকায় এবং অভ্যন্তরীণ গ্রস আয় দাঁড়িয়েছে ২৩ কোটি ৯৫ লাখ টাকায়।
আন্তর্জাতিক বাজার থেকেও সিনেমাটি আয় অব্যাহত রেখেছে। পঞ্চম দিনে এর ওভারসিজ গ্রস আয়ে যুক্ত হয়েছে আরও ৭৫ লাখ টাকা, যার ফলে মোট আন্তর্জাতিক বা বৈদেশিক গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৭ কোটি ২৫ লাখ টাকায়। সব মিলিয়ে পঞ্চম দিনের শেষে ‘আই এম গেম’ সিনেমার বিশ্বব্যাপী মোট গ্রস কালেকশন পৌঁছে গেছে ৪১ কোটি ২০ লাখ টাকায়।
রবিবার (চতুর্থ দিনে) সিনেমাটি যেখানে ৪ কোটি ৩৫ লাখ টাকা নেট আয় করেছিল, সোমবার তা কমে ১ কোটি ৫০ লাখ টাকায় নেমে আসে। চতুর্থ দিনের তুলনায় শো সংখ্যা ২,৯১০ থেকে কমে পঞ্চম দিনে ২,৬১০টিতে দাঁড়িয়েছিল এবং সামগ্রিক দর্শক উপস্থিতিও (অকুপেন্সি) ৩৬.৬ শতাংশ থেকে কমে ১৭.৭ শতাংশে নেমে আসে। ভাষাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পঞ্চম দিনে মালয়ালাম সংস্করণে ১ কোটি ৭ লাখ টাকা, তেলেগু সংস্করণে ২৫ লাখ টাকা, তামিল সংস্করণে ১৭ লাখ টাকা এবং হিন্দি সংস্করণ থেকে ১ লাখ টাকা আয় এসেছে। রাজ্যভিত্তিক আয়ে কেরালা ১ কোটি ১২ লাখ টাকা নিয়ে সবচেয়ে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে, যেখানে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ৩০ লাখ এবং তামিলনাড়ু থেকে ২৫ লাখ টাকা আয় এসেছে। পরিচালক নাহাস হিদায়েতের এই চলচ্চিত্রে দুলকার সালমান ছাড়াও অ্যান্টনি ভার্গিস, মাইসকিন, কায়াদু লোহরসহ আরও অনেকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।