
মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকা এবং এক কোম্পানির পারমিটে অন্য প্রতিষ্ঠানে কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ১৭৫ জন বিদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পেরাক রাজ্যের ইপোহ শহরের বেরচাম এলাকায় পরিচালিত ‘অপস মাহির’ নামক বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অভিযানে তিনটি ভিন্ন স্থানে কর্মরত ৩০৫ জন শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে কাঠের কারখানা, গ্লাভস তৈরির কারখানা ও একটি খাবারের দোকানকেন্দ্রে তল্লাশি চালিয়ে বাংলাদেশসহ মিয়ানমার ও ভিয়েতনামের ১৭৫ জন নাগরিককে আটক করা হয়, যাদের অধিকাংশই বাংলাদেশি। আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে অবৈধভাবে অবস্থান এবং পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী, বৈধ পারমিট ছাড়া কাজ করা কিংবা অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরে অন্য কোথাও কাজ করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া অভিযາনে বেশ কিছু জাল সাময়িক কর্মভ্রমণ পাস (পিএলকেএস) ব্যবহারের তথ্যও পাওয়া গেছে, যার উৎস ও এর সঙ্গে জড়িত কোনো সংঘবদ্ধ চক্র বা এজেন্টদের ভূমিকা খতিয়ে দেখছে ইমিগ্রেশন বিভাগ। এই ঘটনায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।