
রোববার (১ মার্চ) সকালে বাংলা রেকর্ডসের উদ্যোগে আয়োজিত মুক্তিসংগ্রামভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
প্রদর্শনীতে স্থান পেয়েছে শতাধিক বিরল আলোকচিত্র, যেখানে বাঙালির মুক্তিসংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। আয়োজকদের মতে, এসব ছবি শুধু অতীতের দলিল নয়, বরং একটি জাতির আত্মত্যাগ ও বীরত্বের জীবন্ত স্মারক।
বাংলা রেকর্ডসের সভাপতি জাফর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য শিক্ষক, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, লাল-সবুজ পতাকা আমাদের স্বাধীনতা ও আত্মপরিচয়ের প্রতীক। ইতিহাসের সঠিক পাঠ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।