
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়ন ও নিবিড় তত্ত্বাবধানে মাত্র ২৫ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বেলা ১১টায় ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
১৪৫ মিটার দীর্ঘ এবং ৪.২ মিটার প্রস্থের এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারের ফলে কামরাঙ্গীরচর এলাকার প্রায় ৫০ লাখ নাগরিক সরাসরি উপকৃত হবেন। জরাজীর্ণ হয়ে পড়া এই ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াত করেন। দ্রুততম সময়ে কাজটি সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক জানান, নগরবাসীর যাতায়াত সুগম ও নিরাপদ করতে সিটি করপোরেশন সর্বদা সচেষ্ট। নিজস্ব অর্থায়নে রেকর্ড সময়ে এই কাজ শেষ করা তারই প্রমাণ। এছাড়া কামরাঙ্গীরচরের এই ঐতিহ্যবাহী ব্রিজটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের স্বার্থে আট লেন প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রশাসক স্পষ্টভাবে ঘোষণা দেন যে, এখন থেকে এই ব্রিজটি কেবল পথচারীদের চলাচলের জন্যই উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।