
প্রযুক্তির উৎকর্ষতায় মানুষ আজ এমন সব উচ্চতায় পৌঁছাচ্ছে, যা কয়েক বছর আগেও ছিল কল্পনাতীত। সম্প্রতি চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিকস তাদের নতুন হিউম্যানয়েড রোবট ‘সুপারম্যান’-এর সক্ষমতা প্রকাশ করে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, তাদের তৈরি এই রোবটটি দৌড়ের গতিতে কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছে।
ইউনিট্রির প্রকাশিত তথ্য ও ভিডিও ফুটেজ অনুযায়ী, সুপারম্যান রোবটটি প্রতি সেকেন্ডে ১২ দশমিক ৬৬ মিটার গতিতে, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৪৫ দশমিক ৬ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। তুলনামূলকভাবে, ২০০৯ সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ড গড়ার সময় উসাইন বোল্টের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ৪৪ দশমিক ৭ কিলোমিটার। ইউনিট্রির দাবি অনুযায়ী, এই রোবটটি মানুষের সর্বোচ্চ শারীরিক সক্ষমতার সীমা অতিক্রম করেছে। কেবল গতি নয়, রোবটটি ২ মিটার উচ্চতায় উল্লম্ব লাফ দেওয়ার সক্ষমতাও প্রদর্শন করেছে। রোবটটি মাত্র তিন মাসেরও কম সময়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
তবে রোবটটির এই গতির সাফল্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, বেইজিংয়ে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিকালে একটি ইনডোর ট্র্যাকে দৌড়ানোর সময় রোবটটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক বক্সে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে। এই ভাইরাল ভিডিওটি উচ্চ গতিতে রোবটটিকে নিয়ন্ত্রণে রাখার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইউনিট্রি অবশ্য জানিয়েছে, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি তাদের আনুষ্ঠানিক সক্ষমতা প্রদর্শনের অংশ ছিল না। তাদের দাবি, নিয়ন্ত্রিত পরিবেশে করা প্রদর্শনীটি ছিল নিখুঁত। অবশ্য ইউনিট্রির ঘোষিত এই গতির রেকর্ড এখনো কোনো স্বাধীন বা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কর্তৃক আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।
‘সুপারম্যান’ রোবটটির এই আত্মপ্রকাশ ইউনিট্রি রোবোটিকসের জন্য একটি মাইলফলক হয়ে এসেছে। রোবটটি প্রকাশ্যে আনার মাত্র দুই দিন পরই ১৯ আগস্ট ২০২৬ প্রতিষ্ঠানটি সাংহাইয়ের স্টার মার্কেটে তাদের শেয়ারবাজারে যাত্রা শুরু করে। আইপিওর মাধ্যমে তারা প্রায় ৬ দশমিক ১ বিলিয়ন ইউয়ান বা ৯০৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা তাদের ব্যবসায়িক সফলতারই প্রতিফলন। একই সময়ে বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে চীনের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি ইউনিট্রি তাদের এই অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট ও উদ্ভাবনী প্রযুক্তি সবার নজর কেড়েছে। রোবোটিকস প্রযুক্তির এই দ্রুত বিবর্তন ভবিষ্যতে খেলাধুলা ও দৈনন্দিন জীবনে কী ধরনের পরিবর্তন আনবে, তা এখন বিশ্ববাসীর দেখার অপেক্ষা।