
পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভার প্রথম ধাপের নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। সোমবার (২৭ জুলাই) মিরপুর, কোটলি ও ভিম্বর জেলার মোট ১৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিকেল ৫টায় ভোট শেষ হওয়ার পর গণনার কাজ শুরু হয়।
প্রাথমিক ও অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ১৩টি আসনের মধ্যে পিএমএল-এন একাই ৯টিতে জয়লাভ করেছে। এর মধ্যে রয়েছে মিরপুরের দুটি, ভিম্বরের তিনটি এবং কোটলির চারটি আসন। অন্যদিকে বাকি চারটি আসনে জয় পেয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), যার মধ্যে দুটি মিরপুরে এবং দুটি কোটলিতে জয়ী হয়েছে।
নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করে পিএমএল-এনের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি দাবি করেন, প্রশাসন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল।
তবে নির্বাচন চলাকালে কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন। রানা সানাউল্লাহ জানান, একটি ঘটনা পারিবারিক বিরোধের জেরে গোলাগুলির ঘটনা এবং অন্যটি নাকিয়াল এলাকায় ঘটে, যেখানে একজন নিহত হন। এ ঘটনায় এরই মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভিম্বরের একটি আসনে এক প্রার্থী নিজেই ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়। বিচ্ছিন্ন এসব ঘটনা বাদে সামগ্রিকভাবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তিনি।