
নিউইয়র্কের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে সেন্ট্রাল পার্কের কাছাকাছি এলাকায় সংঘটিত দুটি পৃথক ছুরিকাঘাতের ঘটনায় Raul Morales নামের ৫১ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে সংঘটিত এই আকস্মিক হামলায় দুজন আহত হন। প্রথম ঘটনাটি ঘটে ওয়েস্ট ৮৪ স্ট্রিট ও সেন্ট্রাল পার্ক ওয়েস্ট এলাকায়, যেখানে ৫৭ বছর বয়সি এক এশিয়ান ব্যক্তিকে বুকে ছুরিকাঘাত করা হয়। এর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় হামলাটি ঘটে ৮৬ ও আমস্টারডাম অ্যাভিনিউয়ের কাছাকাছি একটি গির্জা ও সিনাগগের পাশেই, যেখানে ৫০ বছর বয়সি এক ইহুদি ব্যক্তিকে আক্রমণ করা হয়। আহত উভয়কেই মাউন্ট সিনাই-সেন্ট লুক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হামলাকারী ব্যক্তি দুটি আক্রমণের সময়ই "আল্লাহু আকবর" বলে চিৎকার করেছিল, যার ফলে এটিকে সম্ভাব্য হেইট ক্রাইম বা ঘৃণা অপরাধ হিসেবে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পরপরই আমস্টারডাম অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে সন্দেহভাজনকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক তদন্তে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা জড়িত থাকার সম্ভাবনার কথা বলা হলেও হামলাকারীর সঙ্গে ভুক্তভোগীদের পূর্বের কোনো পরিচয় বা যোগসূত্র পাওয়া যায়নি। ইহুদি সম্প্রদায়ের একটি শোকের দিনে ঘটে যাওয়া এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মেয়র জোহরান মামদানি একে ‘ঘৃণ্য ও বর্জনীয়’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি সিটি কাউন্সিলের স্পিকারসহ বিভিন্ন সম্প্রদায় ও সংগঠন শহরের সামগ্রিক নিরাপত্তা ও ক্রমবর্ধমান বৈরিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে