
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার প্রেক্ষাপটে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইনফান্তিনোর গ্রহণযোগ্যতা ও মানুষকে একত্রিত করার অসাধারণ সক্ষমতা তাকে এই পদের জন্য অত্যন্ত যোগ্য করে তুলেছে। ২০২৫ ক্লাব বিশ্বকাপ ও ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে এবং গত ডিসেম্বরে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদানের মাধ্যমে তাদের সম্পর্ক নতুন মাত্রা পায়।
তবে জাতিসংঘের মহাসচিব হতে হলে নিরাপত্তা পরিষদের সুপারিশ ও সাধারণ পরিষদের অনুমোদনের প্রয়োজন হয়। ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ববিষয়ক বিশেষ দূত পাওলো জাম্পাওলিও ইনফান্তিনোর প্রার্থিতার পক্ষে সমর্থন জানিয়ে বলেছেন যে, ফিফার মতো ১৯৩টিরও বেশি দেশের সংস্থাকে সফলভাবে পরিচালনার অভিজ্ঞতা তার নেতৃত্ব গুণেরই প্রমাণ। এদিকে ইনফান্তিনো আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এবং তার এই সম্ভাব্য জাতিসংঘ প্রার্থিতা নিয়ে ফিফা বা ইনফান্তিনোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।