
ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক্টর খালে পড়ে চালক নাইম হোসেন জয় (২২) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোডসংলগ্ন বেতুয়া খালের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টরের হেলপার আল-আমিন (১২) আহত হয়েছে।
নিহত নাইম হোসেন জয় চতলা এলাকার মো. ফরিদের ছেলে এবং আহত হেলপার আল-আমিন একই এলাকার মো. ভুট্টুর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটি বালু নিয়ে চরমোল্লাজী গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে বেতুয়া খালের ব্রিজে ওঠার পর অতিরিক্ত ভারে ব্রিজটি ভেঙে ট্রাক্টরসহ খালে পড়ে যায়। এতে ট্রাক্টরের ভেতরেই চালক ও হেলপার আটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নাইমকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।