সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদুদীবাদ ইসলামের মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদরাসার বার্ষিক সম্মেলনে তিনি বলেন, "জামায়াতে ইসলামীর দ্বিন আমাদের দ্বিন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়।"
সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদুদীবাদ ইসলামের মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে কঠোর মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি স্পষ্ট করে বলেছেন, "জামায়াতে ইসলামীর দ্বিন আমাদের দ্বিন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়।"
শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বিনি মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী ও মওদুদীবাদের চরম সমালোচনা করে হেফাজত আমির বলেন, সাহাবায়ে কেরামের অনুসৃত পথই কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে পথ কোরআন ও হাদিসের মাধ্যমে উম্মতের কাছে পৌঁছেছে, সেটিই হলো সিরাতুল মুস্তাকিম। যারা এই পথে অবিচল থাকবে, তারাই নাজাত পাবে।
তিনি আরও উল্লেখ করেন, মহানবী (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী উম্মতের মধ্যে যেসব ভ্রান্ত ফিরকার আবির্ভাব ঘটেছে, তার মধ্যে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানার মানসিকতা অন্যতম।
তিনি বলেন, "আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ বিধানসহ ইসলামের যাবতীয় মৌলিক আমল সাহাবায়ে কেরামের মাধ্যমেই পেয়েছি। রাসুলুল্লাহ (সা.)-এর সালাতের পদ্ধতি সাহাবিরাই সরাসরি প্রত্যক্ষ করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। অতএব সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করলে গোটা দ্বিনের ধারাবাহিকতাই প্রশ্নের মুখে পড়ে।"
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর চিন্তাধারার সমালোচনা করে আল্লামা বাবুনগরী বলেন, মওদুদীর বিভিন্ন বক্তব্য ইসলামের প্রচলিত মূল আকিদা ও সঠিক ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাদ ফজর শুরু হওয়া দুই দিনব্যাপী এই মহাসম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, সরওয়ার আলমগীর, হুম্মাম কাদের চৌধুরীসহ দেশবরেণ্য আলেম-ওলামা ও শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।