আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা রোধসহ মাদক এবং চোরাচালান দমনে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
আসন্ন ডিসেম্বর মাসকে ঘিরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য বা নেতাকর্মী যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্যই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকার স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা এবং বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাতের নিয়মিত টহলে পোর্টেবল সার্চলাইট এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ড্রোন দিয়ে আকাশপথেও কড়া নজরদারি চালানো হচ্ছে।
বিএসএফের পুশইন চেষ্টার প্রসঙ্গ টেনে লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, গত জুন মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করার তৎপরতা জোরদার করেছিল। নেত্রকোনা সীমান্ত অঞ্চলেও এমন অপচেষ্টা চালানো হয়েছিল। তবে বিজিবির কঠোর ও সতর্ক টহল, স্থানীয় জনসাধারণের সজাগ দৃষ্টি এবং সময়োপযোগী গোয়েন্দা কার্যক্রমের কারণে বিএসএফ কোনো ধরনের পুশইন করতে সফল হয়নি।
সীমান্তবর্তী অপরাধ দমনে বিজিবির গত এক বছরের সফলতার চিত্র তুলে ধরে তিনি জানান, এই সময়ের মধ্যে ৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাচারের শিকার ৯ জন পুরুষ ও ২ জন নারীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮ পিস ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ ও ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে মোট ২১ জন আসামিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।