ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি ও ব্যর্থতাকে দায়ী করেছেন ছাত্রদল নেতা তানভীর আল হাদী মায়েদ। প্রশাসনের ব্যর্থতার সুযোগেই ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতামূলক তৎপরতা বাড়ছে বলে তিনি দাবি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ছাত্রদল নেতা তানভীর আল হাদী মায়েদ। প্রশাসনের ব্যর্থতা ও নজরদারির অভাবেই ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নাশকতামূলক তৎপরতা এখনো বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদ।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতার সুযোগ নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ এখনো অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ক্লাস চলাকালে একাডেমিক এরিয়ার মতো স্পর্শকাতর স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। তবে সাধারণ ছাত্রসমাজকে সাথে নিয়ে ছাত্রদল রাজপথে পাহারা না দিলে এতক্ষণে ক্যাম্পাস পুরোপুরি ছাত্রলীগের দখলে চলে যেত বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) এবং শ্যাডো এলাকায় পৃথক দুটি বিস্ফোরণে দুজন আহত হন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন উপস্থিত সাধারণ জনতা। এসব একের পর এক বিস্ফোরণের পর ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।