রাজধানীর মিরপুরের কালশী মোড়ে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঘটা এই ঘটনার সিসিটিভি ও ভাইরাল ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
রাজধানীর মিরপুরের কালশী মোড় এলাকায় মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত কেটে পড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিকট শব্দে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে চেপে কালশী মোড়ে আসে কয়েকজন যুবক। সেখানে তারা দ্রুত একটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মুহূর্তের মধ্যেই মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। হঠাৎ বিকট শব্দে ককটেলটি ফুটলে এলাকার পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার গণমাধ্যমকে জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।