দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ জন শিশু।
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ জন শিশু। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৫ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ১৭১ শিশুর প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ জন নিশ্চিত হামে এবং ৮৯৬ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৯৮ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৪৬ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১ লাখ ১৪ হাজার ৩৯৩ শিশু, যার মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সচেতনতা বাড়াতে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।