দেশের বাজারে আবারও বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য গ্রেডের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২১ জুলাইও স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৫ দফা দাম বেড়েছে এবং ৪৭ দফা কমেছে।
মন্তব্য করুন