ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। স্থানীয় সময় রবিবার (১২ জুলাই) রাত ৯টা ৪৬ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বুয়োল রিজেন্সি এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে।
ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেন্ট্রাল সুলাওয়েসির পাশাপাশি পাশের গোরোনতালো প্রদেশেও এর কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু সরকারি ভবন, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ এবং অসংখ্য বসতবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় আতঙ্কিত অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ত্রাণসামগ্রী বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে, তবে এবারের এই ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করতে মাঠ পর্যায়ে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ও স্বেচ্ছাসেবীরা।
মন্তব্য করুন